সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের ধারাহিকতায় রাজধানী ঢাকায় পদযাত্রা করেছে বিএনপি। গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে আয়োজিত এ পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর দুইপ্রান্ত। পদযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নেতারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, দিনের ভোট রাতে করছেন, লুটপাট করেছেন, রিজার্ভ চুরি করেছেন, হলমার্ক কেলেঙ্কারি সব করেছেন। এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন। ৫১ বছরে যা হয়নি তা করা হয়েছে কূটনীতিকদের সঙ্গে। সরকার পাগলের মতো আচরণ করছে। তেল-গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে বলেন, সরকারের ভুলে যাওয়া রোগ হয়েছে।
মহানগর উত্তর বিএনপি গতকাল বাড্ডার সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে রামপুরা আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করে। তার আগে বাড্ডায় হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ১০ দফার প্রথম দফা সরকারের পদত্যাগ দাবি আদায় করতে হলে গণঅভ্যূত্থানের বিকল্প নেই। এজন্য রাজপথে ফয়সালা করতে প্রস্তুতি নিন। দেশের মানুষের কথা একটাইÑ এই সরকারের অধীনে কোনো ভোটে যাবে না। বিএনপিও কোনো নির্বাচনে যাবে না।
ড. মোশাররফ বলেন, গত ৫১ বছরে দেশে কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের কোনো ঘটনা ঘটেনি। সরকার বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ পায়নি। তাই সরকার পাগল হয়ে গেছে।
পরে বিকেলে সাড়ে ৩টায় বাড্ডা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় রামপুরা আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, কামরুজ্জামান রতন, তাবিথ আউয়াল, মফিকুল হাসান তৃপ্তি, বজলুল বাছিত আনজু, জিএম শামসুল হক প্রমুখ অংশ নেন।
এ ছাড়া পদযাত্রাকে ঘিরে দুপুরের আগে থেকে মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। নির্ধারিত সময়ের আগেই বাড্ডার পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীরা ‘আমার ভোট আমি দেব’, ‘গণতন্ত্র আমার চেতনা’, ‘গুম-খুন এই সরকারের দুই গুণ’, ‘লুটপাট আর দুর্নীতি এই সরকারের মূল নীতি’ প্রভৃতি সেøাগান দেন।
এদিকে বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের লোকজন ‘ডিমেনশিয়া’ (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত। গ্যাসের দাম আবার নাকি বাড়াবে। কয়েকদিন আগে গ্যাসের দাম, তেলের দাম বাড়ানো হলো তারা এটা ভুলে গেছে। নিশিরাতে ভোট চুরি-ডাকাতি করে ক্ষমতায় এসেছে, এটাও তারা ভুলে গেছে। এদের ডিমেনশিয়া হয়েছে। বাসাবো, শাহজাহানপুর এলাকায় বিএনপির সময়ে স্থাপিত শিশু-কিশোরদের একাধিক খেলার মাঠ দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কঠোর সমালোচনা করেন তিনি।
এর আগে দুপুর ২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাসাবো বালুর মাঠের কাছে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়ে মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন।
