রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। যে জয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের লিগের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। অন্যদিকে দলটির কোচ পেপ গার্দিওলা ছুঁয়ে ফেললেন অনন্য এক মাইলফলক। চ্যাম্পিয়নস লিগে ম্যানেজার হিসেবে তিনি পেয়েছেন শততম জয়। সেটাও আবার দ্রততম ১০০টি জয়ের রেকর্ড।
কাতালান এই কোচ চ্যাম্পিয়নস লিগের ম্যানেজার হিসেবে ১৬০তম ম্যাচে পেয়েছেন এই মাইলফলকের দেখা। যে পথে তিনি পেছনে ফেলেছেন দ্রুত ১০০তম জয় তোলা প্রথম কোচ কার্লো আনচেলত্তিকে। যিনি এই অংক স্পর্শ করেছিলেন ১৮০ ম্যাচ খেলে।
তৃতীয় ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়নস লিগে শততম জয় পেয়েছেন গার্দিওলা। সবার আগে এই কীর্তি গড়েছিলেন অ্যালেক্স ফার্গুসেন। ম্যানেইউর সাবেক এই কোচ ১৮৪তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
গার্দিওলা যোগ দেওয়ার পর ম্যানসিটি ৭৪ ম্যাচ খেলে ৪৭টিতে জয়ের দেখা পেয়েছে। এর আগে বার্সেলোনার হয়ে ৩০ জয় এবং বায়ার্ন মিউনিখের হয়ে ২৩ জয় পেয়েছিলেন।
৫২ বছর বয়সী এই কোচ সিটিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন ২০২০/২১ মৌসুমে। তাছাড়া টানা তিনবার তার অধীনে শেষ চার খেলেছে দলটি। এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুটের লড়াইয়ে নামবে তারা। আগামী ১০ জুন ইস্তাম্বুলে ইন্তার মিলানের মুখোমুখি হবে তারা।
