সিলেটে পরাজয় এড়াল বাংলাদেশ

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:২৯ পিএম

আগের দিন ক্রিকেটারদের অতি আগ্রাসী ব্যাটিং কাল হয়ে দাঁড়িয়েছিল। তাতে ফলোঅনে পড়ে বাংলাদেশ। জেগেছিল তাই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ক্যারিবিয়ান বোলারদের চাপ সামলেছেন তারা। হার এড়িয়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা।

প্রথম ইনিংসে ব্যাট করে ৪২৭ রানে থেমেছিল ওয়েস্ট ইন্ডিজ এ দল। জবাব দিতে নেমে ২৬৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েন আফিফ হোসেনরা। আর তখনই জেগেছিল হারের শঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ১৮৭ রান তুলতেই ফুরিয়ে যায় ম্যাচের সময়। তাই ড্র হয় ম্যাচ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হাসান আর সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। পরে হাল ধরেন উদ্বোধনীতে নামা সাদমান ইসলাম ও জাকের আলি অনিক। মাঝে মাহমুদুল হাসান জয় খেললেও ইনিংস বড় করতে পারেননি। ২০ রান করে ফিরে যান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান। এছাড়া অনিক ৩৬ রান করে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন অপরাজিত ছিলেন ২০ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জায়ার ম্যাকঅ্যালিস্টার ও গুডাকেশ মতি দুটি করে উইকেট শিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত