একদিনের ক্রিকেটে ৪-১ ব্যবধানে পরাজয়। একমাত্র চারদিনের ম্যাচ ও টি-টোয়েন্টিতেও হার। তাই ঘরের মাঠে পাকিস্তান যুব দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটা হতাশারই। কেন এমন পরাজয়? তা পর্যবেক্ষণ করেছেন টাইগার যুবাদের খন্ডকালিন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা ইয়ান হার্ভে। তার মতে যুবারা অতিরিক্ত চাপ নিয়েছে বলেই এমন হবে। তার কথার সূত্র ধরে আরও একটি প্রশ্ন আসা স্বাভাবিক, কেন এত চাপে যুবা ক্রিকেটাররা?
হার্ভের মতে সামনে যুব বিশ্বকাপ, এখনও কোনো ক্রিকেটারের জায়গাই পাকাপোক্ত না। যে কারণে প্রত্যেকেই নিজেকে দেখতে চায় পরের সিরিজে, টুর্নামেন্টে। অনিশ্চয়তার জায়গা থেকে নিজেদের মধ্যে চাপ তৈরি হয়।
এই অস্ট্রেলিয়ান সহকারী কোচ বলেন, ‘এখন তাদের যে বয়স তাতে শুধুই রিল্যাক্স করবে আর সেরা খেলাটা খেলবে, ক্রিকেটটা উপভোগ করবে। কিন্তু এই উপভোগের কাজটা কঠিন হয়ে যায় যখন আপনার অবচেতন মনে সামনের টুর্নামেন্টের জন্য নির্বাচিত হওয়ার বিষয়টি ঘুরপাক খাবে।’
হার্ভে যোগ করেন, ‘কিন্তু তাদের বুঝতে হবে নিজেকে ছাড়া আশেপাশের কোনো কিছুই নিয়ন্ত্রণের ক্ষমতা নেই আমাদের। আমি শুধু পরামর্শ দিব যত বেশি সম্ভব রিল্যাক্সে থাকো, মাঠে নামো আর খেলাটা উপভোগ করো। নিজেদের উপর খুব বেশি চাপ যেন না নেয়।’
সাবেক অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের আরও বলেছেন, ‘ক্রিকেট সহজ কোনো খেলা নয়। এটা কঠিন খেলা, তবে এই তরুণ ক্রিকেটারদের কাছ থেকে সেরা ফর্মটা বের করার চেষ্টা করছি। যেটা বললাম ধারাবাহিকতা হল অন্যতম বড় ব্যাপার, আপনি যত ধারাবাহিক হবেন তত বড় খেলোয়াড় হওয়া সম্ভব। যা দলের জন্যও ভালো ব্যাপার।’
