চট্টগ্রামের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভাসমান এক ক্রোকারিজ ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে নগরের আকবরশাহ থানায় ভুক্তভোগী অপু প্রধান এ মামলা করেন। মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান, আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর।
মামলার এজাহারে বলা হয়, বুধবার বিকেলে পূর্ব ফিরোজশাহ এলাকায় ক্রোকারিজ পণ্য বিক্রির সময় আসামি কাউন্সিলর জসিম এসে ‘তুই নাকি লটারি দিয়েছিস’ বলে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, লাথি ও কিলঘুষি মারতে থাকেন এবং গালাগাল করেন।
তিনি বলতে থাকেন, ‘কার পারমিশন নিয়ে আমার এলাকায় ব্যবসা করতেছো। চাঁদা ব্যতীত ব্যবসা করা যাবে না। সব ব্যবসায়ী আমাকে মাসোহারা দেয়, তুইও দিবি।’
প্রসঙ্গত, কাউন্সিলর জসিম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে পাহাড় কাটাসহ নানা অভিযোগ রয়েছে। গত ২৬ জানুয়ারি পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে জসিমের উপস্থিতিতে ঢিল ছোড়েন তার অনুসারীরা। এবার ভাসমান ক্রোকারিজ ব্যবসায়ী অপু প্রধানকে মারধর করে আলোচনায় আসেন তিনি। অপুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
