কক্সবাজার জেলা শহরে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তাকে সস্ত্রীক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৯ মে) রাত সোয়া ১০টায় কক্সবাজার শহরের কলাতলী মোড় এলাকার গ্রিন লাইন পরিবহনের সার্ভিসের কাউন্টারে এ অভিযান চালানো্ হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) তন্তু মনি চাকমা।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমশের মন্ডলবাড়ি এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৪)।
উপপরিদর্শক তন্তু মনি চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিনলাইন বাসে করে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়। তাদের লাগেজ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। পরিচয় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আটক রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে ওই ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রেজাউল সিলেট থেকে ৭ মাস আগে বদলি হয়ে ১৬ এপিবিএনে যোগদান করেছেন বলে জানান। আগে আরও ইয়াবার চালান পাচার করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবারই প্রথম চালান নিয়ে যাচ্ছিলাম।
