এবার আমাদের ফাইনাল খেলা: শাহজাহান ওমর

আপডেট : ২০ মে ২০২৩, ০৫:৩৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, আপনাদের যদি জনগণের প্রতি এতই আস্থা থাকে; তাহলে পদত্যাগ করে ও সংসদ বাতিল করে নিজেদের যোগ্যতা যাচাই করেন। এবার আমাদের ফাইনাল খেলার সময় এসেছে।

শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, গত নির্বাচনে চরমোনাই ইসলামী আন্দোলনসহ বিভিন্ন নাম সর্বস্ব দল নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। এবার আর তা হবে না। এবার যারা নির্বাচনে যাবেন হাত-পায়ে লোহার রড বেধে যাবেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, এখানে সিটি নির্বাচনে জিতবে খোকন সেরনিয়াবাত। তাই আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নাই। আমাদের সাফ কথা বিএনপি নির্বাচনে যাবে না। যিনি যাবেন তিনি বিএনপি করেন না।

মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক সাবেক সংসদ জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ প্রমুখ।

সমাবেশ শুরু আগে থেকেই বরিশাল মহানগর, জেলা জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা বিভিন্ন ব্যানার ও প্লাকার্ডসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত