প্রতারণার মামলায় গ্রেপ্তার গায়ক নোবেল রিমান্ডে

আপডেট : ২১ মে ২০২৩, ১২:৫৩ এএম

সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েও না যাওয়ার অভিযোগে প্রতারণার এক মামলায় আলোচিত সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে (২৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার সকালে মতিঝিল থানার এক প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে নোবেলকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে গিয়ে নোবেলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তার সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ।

নোবেলের গ্রেপ্তারের বিষয়ে গতকাল দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ উঠেছে। মূলত মাদকাসক্ত থাকার কারণে নোবেল কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য কথা দিয়েও যেতে পারেন না।

তিনি আরও বলেন, এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করেন। তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেন। যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দেন। কিন্তু অনুষ্ঠানে যাননি নোবেল। টাকা চাওয়ার পরে তাও ফেরত দেননি তিনি। এ ঘটনায় পরে মামলা করে ভুক্তভোগীরা। কিন্তু মামলার পরও তিনি পুলিশ কিংবা আদালতে আত্মসমর্পণ করেননি।

ডিবি প্রধান বলেন, ‘বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এসব অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু তিনি নিয়মিত মাদক সেবন করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছেন। মঞ্চ ভাঙচুর করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। সবমিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্য করেছেন।’

গত ১৬ মে মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে মামলা করেন মো. সাফায়েত ইসলাম নামের এক ভুক্তভোগী। মামলার এজাহারে বলা হয়েছে, সাফায়েত ইসলাম বন্ধুদের নিয়ে গত ২৮ এপ্রিল ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গত ২৫ মার্চ বিকেলে সাফায়েত এক বন্ধুকে নিয়ে মতিঝিলের হীরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় বসে নোবেলের সঙ্গে অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে আলোচনা করেন। নোবেল গান গাওয়ার জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা দাবি করেন এবং অগ্রিম দেওয়ার কথা বলেন। এরপর বিভিন্ন সময় ব্যাংক হিসাবের মাধ্যমে ১ লাখ ৭২ হাজার টাকা নোবেলকে দেন সাফায়েত। কিন্তু নোবেল অনুষ্ঠানে যান নাই। তিনি গান না গেয়ে পুরো টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন।

ডিবিতে নোবেলের সাবেক স্ত্রীর অভিযোগ : 

নোবেলকে গ্রেপ্তারের পর গতকাল ডিবি কার্যালয়ে যান তার সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। ডিবি তাকে ডেকেছে দাবি করে সাংবাদিকদের তিনি বলেন, ‘নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেস জড়িত। তারাই প্রতিনিয়ত নোবেলকে মাদক সাপ্লাই দেন। এ বিষয়ে আমি তাদের বলায় আমার নম্বরে ফোন করে বিভিন্ন জন হুমকিও দেয়।’

তিনি আরও বলেন, ‘নোবেল মাদকসেবন করে বাসায় এসে আমাকে মারধর করত। পরে একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদকসেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নেয়নি।’

সালসাবিল বলেন, ‘ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।’

নোবেলের পক্ষে সাফাই গাইলেন ভাই নোবেল যখন ডিবি কার্যালয়ে তখন ডিবির বাইরে অপেক্ষায় ছিলেন স্বজনরা। নিজেকে নোবেলের ভাই পরিচয় দেওয়া সৌমিক নামে এক ব্যক্তি গণমাধ্যম কর্মীদের বলেন, সৌমিক যে নেশা করে সেটা তার স্ত্রীর কারণে। নোবেলের সঙ্গে স্ত্রীর সম্পর্ক খারাপ হওয়ার পেছনে আর্থিক বিষয় রয়েছে। নোবেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা সরিয়েছে তার স্ত্রী।

নোবেলকে তার বাবা ত্যাজ্য করে নাই বলেও দাবি করেন সৌমিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত