চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে (২১ মে) সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বিমানের একটি ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি আরবের স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট-২০২৩-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২২১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ৬১ হাজার ১১১ হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে বিমানের মোট ফ্লাইট ১৬২টি।
