নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২২ মে ২০২৩, ০৫:৩৫ এএম

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। গতকাল রবিবার মার্কিন দূতাবাসের ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে প্রচারিত হালনাগাদ করা ভ্রমণ সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কতা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে।

মার্কিন নাগরিকদের প্রতি পরামর্শ দিয়ে ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের সমাবেশ এবং নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে। তাই সম্ভাব্য এসব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওই বার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে এটা মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে হবে। যেকোনো বড় সমাবেশের আশপাশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে নজর রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত