সুস্থ মানবিক জাতি গঠনে মেডিটেশনের চর্চা খুব জরুরি। তাই ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে মেডিটেশনে উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের এমন আহ্বানের মধ্য দিয়ে গতকাল রবিবার রাজধানীসহ সারা দেশে উদযাপিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৬টায় প্রাণায়াম, প্রত্যয়ন ও মেডিটেশনচর্চার আয়োজন করেছিল কোয়ান্টাম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বাণীতে প্রতিটি মানুষকে ধ্যানচর্চার আহ্বান জানিয়ে বলেন, মেডিটেশন হচ্ছে ব্রেনের ব্যায়াম। নিয়মিত মেডিটেশনচর্চা মস্তিষ্কের কর্মকাঠামো সুসংহত ও গতিময় করে। স্মৃতিশক্তি শাণিত করে ভাবাবেগকে সুনিয়ন্ত্রিত রাখে এবং নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করার সক্ষমতা সৃষ্টি করে।
মেডিটেশনের গুরুত্ব বিবেচনায় ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে মেডিটেশনের বাণী চারপাশে ছড়িয়ে দেওয়ার; বিশেষ করে তরুণ প্রজন্মকে মেডিটেশনের সঙ্গে যুক্ত করতে পারলে তারাই গড়ে তুলবে ‘ভালো মানুষ, ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।
উৎসবমুখর এ আয়োজনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কাজী রওনাক হোসেন, মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন প্রমুখ। নিয়মিত মেডিটেশনচর্চার গুরুত্বারোপ করে বক্তারা মেডিটেশনকে আমাদের সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেন।
জাতীয় প্রেস ক্লাবের পাশাপাশি রাজধানীসহ সারা দেশের দেড় শতাধিক উন্মুক্ত স্থানে একযোগে একই সময়ে সমবেত হয় লাখো মানুষ।
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সাল থেকে দেশব্যাপী সব শ্রেণির মানুষকে নিয়ে পালিত হয়ে আসছে বিশ্ব মেডিটেশন দিবস।
