২০ বছরে তারকা কথন

আপডেট : ২২ মে ২০২৩, ০৬:৫৪ পিএম

২০-এ পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এ প্রচারিত দেশের প্রথম টেলিফোনে দর্শকদের সাথে তারকাদের কথোপকথনের সেলিব্রেটি শো ‘তারকা কথন’। এ উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ছাদ বারান্দায় তারকাদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পাঙ্গনের প্রায় সব শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান, টিভি ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দিন জাকী, সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, মেহবুব চৌধুরীসহ কয়েকজন জেষ্ঠ্য শিল্পীকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।

রবিবার দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, সঙ্গীতশিল্পী খুরশীদ আলম ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া।

২০০৪ সালের ২১ মে থেকে আজ অবধি দর্শকদের সামনে তারকাদের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে তারকা কথনে। ফলে তারকা ও দর্শকদের মাঝে তৈরি হচ্ছে একটি অন্য মাত্রার মেলবন্ধন। চলমান সময়ে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত সেলিব্রেটি শো’র থেকে একটু ভিন্ন মাত্রায় এই তারকা কথন উপস্থাপন করা হয়। যা শুধুমাত্র একান্তই দর্শকদের জন্য। আগামীতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।

বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে দর্শকদের সরাসরি টেলি কথোপকথেনের এই অনুষ্ঠানটি চ্যানেল আই এর দীর্ঘ দিন ধরে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। তারকারা চ্যানেল আই এর স্টুডিও থেকে টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আবার এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও পালন করা হয়। তাই দর্শকদের কাছেও তারকাদের জন্মদিন পালনের বিষয়টি ভিন্ন আমেজ তৈরী করেছে। অনেক সময় অনুষ্ঠানটি ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় সাফল্যকেও প্রধান্য দিয়ে থাকে। তাই আমন্ত্রণ জানান হয় পুরো দলটিকে। আবার বিভিন্ন উৎসব বা পার্বন এর সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রায় সাজানো হয়ে থাকে।

অনন্যা রুমা প্রযোজিত অনুষ্ঠানটিতে উপস্থাপনা করছেন সাফি আহমেদ, দীপ্তি চৌধুরী ও মনামী মেহনাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত