সংবাদপত্র হকার্স ও কল্যাণ সমিতির মতবিনিময় সভা

আপডেট : ২৩ মে ২০২৩, ০২:৫৪ এএম

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে গত শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আলোচনা ও মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক। এ সময় ঢাকা থেকে প্রকাশিত সব জাতীয় পত্রিকার সার্কুলেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতা, কর্মকর্তা ও সুপারভাইজাররা।

উল্লেখ্য, গত ৫ মে ঢাকা সংবাদপত্র হকার্স সমিতিতে বহিরাগত একদল সন্ত্রাসী সরোয়ার হোসেনের নেতৃত্বে সমিতি দখল করার উদ্দেশ্যে হামলা চালায় এবং ক্ষয়ক্ষতি করে। দুই সমিতির বলিষ্ঠ পদক্ষেপ এবং বিভিন্ন পত্র-পত্রিকার সমন্বিত সহযোগিতার কারণে সন্ত্রাসীরা সফল হতে পারেনি।

আলোচনা সভায় বক্তারা ঢাকা হকার্স সমিতিতে সন্ত্রাসী-কাণ্ডের নিন্দা জানান এবং এই মর্মে একমত পোষণ করেন যে, দলমত-নির্বিশেষে নিজেদের মধ্যে একাত্মতা বজায় থাকলে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজদের কাছ থেকে সংবাদপত্র শিল্পকে রক্ষা করা ও নিরাপদ রাখা সম্ভব। দুই সমিতির নেতারা এবং সব পত্রিকার সার্কুলেশন ম্যানেজাররা দুই সমিতির পাশে থেকে সংবাদপত্র শিল্পকে এগিয়ে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক, চেয়ারম্যান আবদুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন খান, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ নোমান, সম্পাদক মো. শাহাবুদ্দিন, সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত