আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার বেলা ২টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে আজ (গতকাল) মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি নগরবাসীর আরও কিছু আশা-আকাক্সক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী ৫ বছরে সেগুলো পূরণ করতে চাই।’
লিটন বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়াটা একটা অনুষ্ঠানিকতা। এটা দিতে হবে। আমি নেতাকর্মীদের সবার সহযোগিতা পেয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়াই করছি। কাউকে ছোট করে দেখছি না। যারা মেয়র পদে প্রার্থী আছেন তাদের সঙ্গে ভোট যুদ্ধে যাওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, সবই আমরা নিয়েছি। আরও খুশি হতাম যদি বিএনপির প্রার্থী থাকত।’
