আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট জাতীয় নির্বাচনের আগে শেষ বাজেট। তাই নির্বাচনী চমক হিসেবে সাধারণ মানুষকে খুশি করতে জ্বালানিখাতে কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে আগামী বাজেটে ১৩ ধরনের তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের পরিকল্পনা করেছে। বাজেট প্রস্তুতির সঙ্গে জড়িত অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবী করেছেন, এতে জ্বালানিখাতে দাম কিছুটা কমবে। অর্থমন্ত্রণালয় সূত্র থেকে এতথ্য জানা যায়।
বৈশ্বিক মন্দার কারণে কিছুটা বেকায়দায় আছে সরকার। অর্থ যোগাড়ে আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে। আর এতে ঋণদানকারি সংস্থার সুপারিশে আগামী বাজেটে জ্বালানিখাতের ভর্তুকি কমানোর চাপ থাকলেও আগামী বাজেটে তা বাড়িয়েছে সরকার।
অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, আসছে বাজেটে পেট্রোলিয়াম তেল, অপরিশোধিত তেল, এইচবিওসি (হাই অকটেন ব্লেন্ডিং কম্পোনেন্ট) ধরনের মোটর গ্যাসোলিন, এভিয়েশন গ্যাসোলিনসহ অন্যান্য গ্যাসোলিন। জেট ফুয়েল, সাদা স্পিরিট, ন্যাপথা, জেট ফুয়েলের কেরোসিন টাইপের জেপি-১, জেপি-৪সহ অন্যান্য কেরোসিন। হালকা ডিজেল তেল, হাই স্পিড ডিজেল তেল এবং ফার্নেস তেল পণ্যের ওপর অগ্রিম কর প্রত্যাহার হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হলে অপরিশোধিত তেল, ডিজেল, জেট ফুয়েল, কেরোসিন ও বেস অয়েলসহ জ্বালানি পণ্যের দাম কমবে। বর্তমানে প্রধান প্রধান জ্বালানি তেল যেমন ফার্নেস অয়েল, জেট ফুয়েল ডিজেল এবং অকটেনের মূল্যের মধ্যে ৩৪ শতাংশ কর ও শুল্ক আছে। এরমধ্যে কাস্টমস শুল্ক ১০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ২ শতাংশ, আগাম কর ৫ শতাংশ। আগ্রিম কর উঠে গেলে সার্বিক কর হার ২৯ শতাংশে নেমে আসবে।
প্রসঙ্গত, বর্তমানে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা এবং পেট্রল ১২৫ টাকা লিটার করে বিক্রি হচ্ছে।
দেশের ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, অগ্রিম প্রত্যাহার করা হলে জ্বালানিখাতে কিছুটা স্বস্তি আসার কথা। এতে শিল্পখাতে খরচ কমতে পারে।
পলিসি রিচার্স ইন্সটিটিউট অফ বাংলাদেশের (পিআরআই) নিবার্হি পরিচালক ড. আহসান এইচ মনসুর দেশ রূপান্তরকে বলেন, জ্বালানিখাতে অগ্রিম কর প্রত্যাহার করা হলে সাধারণ মানুষও কিছুটা স্বস্তি পাবে।
তবে জানা যায়, আগামী জুনের মধ্যে আবারো জ্বালানিখাতে আরেক দফা দাম বাড়ানোর চাপ রয়েছে আইএমএফের কাছ থেকে।
