কথা ছিল মিশনে যাওয়ার প্রাণ গেল সড়কে

আপডেট : ২৩ মে ২০২৩, ০৭:০৫ এএম

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় গত রবিবার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেলে। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছে দুই এসএসসি পরীক্ষার্থী ও এক সেনাসদস্যসহ পাঁচজন। এ ছাড়া ইজিবাইক দুর্ঘটনায় নিহত হয়েছে এক শিশু।

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত

সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী কিশোর নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)।

নিহতদের প্রতিবেশী ও পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। বিনেরপোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় তারা। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। তারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুর রহমান খাঁন (৩২) নামে এ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী আবদুল গফফার গুরুতর আহত হন। গতকাল সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। নিহত সেনাসদস্য সাইফুর একই ইউনিয়নের উত্তর গোলেরহাওর গ্রামের আব্দুস সোবহান খাঁনের ছেলে। তিনি সেনাবাহিনীর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন পরই আফ্রিকার কঙ্গোতে মিশনে যাওয়ার কথা ছিল সেনাসদস্য সাইফুরের। তাই ছুটি নিয়ে এসেছিলেন নিজের গ্রামের বাড়িতে।

নিহত সেনাসদস্যের মামা মন্নান খাঁন বলেন, আমার ভাগনে সাইফুর ছুটিতে বাড়িতে এসেছিল। কিছুদিনের মধ্যে সে আফ্রিকার কঙ্গোতে মিশনে যাওয়ার কথা ছিল।

নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, জেলার মনোহরদীতে ট্রাকের ধাক্কায় দিপু চন্দ্র মনি দাস (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সবুজ চন্দ্র মনি দাস (২২) নামে এক আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার লাখপুর-হাতিরদিয়া সড়কের কদমতলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দিপু উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মনি দাস পাড়ার কাজল চন্দ্র মনি দাসের ছেলে। আর আহত সবুজ একই এলাকার সুভাস চন্দ্র মনি দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দিপু ও সবুজ উপজেলার হাতিরদিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কোচেরচরের কদমতলী নামক স্থানে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন। আহত সবুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, জেলায় বাসের ধাক্কায় ইয়াসিন আলী (৬০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী বগুড়া সদর উপজেলার খামারখন্দ এলাকার তাহের উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বেসরকারি একটি ব্যাংকে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর সংবাদদাতা জানান, জেলার সরিষাবাড়ীতে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালের দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নে হাসড়া মাজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ডোয়াইল-মাজালিয়া সড়ক পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে রাফি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত