আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার ডাকু আলমগীর হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান একথা জানান।
গ্রেপ্তার আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।
লিশ সুপার আশিকুর রহমান জানান, সোমবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে ডাকু আলমগীরকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
তিনি আরও জানান, গত ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেপ্তার করা হলে মূল হোতা আলমগীর শেখ পলাতক ছিলো। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলমগীর হোসেনের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০টির অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
