কান উৎসবে ‘মা’ সিনেমার প্রিমিয়ার

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:২৭ পিএম

২০ মে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকরা মুগ্ধতা প্রকাশ করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। দর্শক সারিতে বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে। পালে-ই থিয়েটারের একজন কর্মী বলেন, ‘আমি কিছু দৃশ্য দেখেছি। আমার কাছে এটি আবেগপ্রবণ ও কবিতার মতো লেগেছে।’ যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেন বলেন, ‘এক কথায় অসাধারণ। একটি দেশের জন্ম দিয়ে শেষ হয়েছে সিনেমাটি। দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মানবতার দিক সবই অনেক ভালোভাবে ফুটে উঠেছে সিনেমায়।’

প্রদর্শনী শেষে দর্শকদের মতামত শোনেন নির্মাতা অরণ্য আনোয়ার। এরপর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাদের প্রদর্শনী সফল হয়েছে। যারা এসেছেন, সবাই সিনেমার কনসেপ্ট ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন।  কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে যে কারণে এসেছিলাম, সবই পেয়ে গেছি। ২৬ মে দেশে মুক্তি পাবে মা। বিশে^র অন্যান্য দেশে সিনেমাটি মুক্তির ব্যাপারে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত