৩ জেলায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ মে ২০২৩, ০৫:১৪ এএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নতুন করে দেশের আরও তিনটি জেলায় মামলা হয়েছে। নাটোর, ফরিদপুর ও শেরপুরে হওয়া এ তিনটি মামলারই বাদী জেলা তিনটির শীর্ষ আওয়ামী লীগ নেতারা। এর মধ্যে নাটোরে হওয়া মামলার আসামি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। এদিকে শেখ হাসিনাকে ‘হত্যা’র হুমকির অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের গ্রেপ্তার দাবিতে গতকাল মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ সমর্থকরা।

১৯ মে রাজশাহীর পুঠিয়ার এক জনসভায় জেলাটির বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার, আমরা তা করব।’ এ ঘটনায় চাঁদসহ বিএনপির শাস্তি দাবি করে বিক্ষোভ করে আসছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে বিএনপি। দলটিকে রাজপথে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা।

নতুন করে হওয়া মামলাগুলোর মধ্যে নাটোরের মামলার বাদী জেলাটির আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি নাটোর সদর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। আবু সাঈদ চাঁদ ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এরূপ আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন। এসব হুমকিমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এতে সারা দেশে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে; যা তথ্যপ্রযুক্তি আইনের আওতায় অপরাধ ও বিচার্য বিষয়।

বাদী মামলায় আরও বলেন, তিনি আশঙ্কা করেন, অভিযুক্ত দুই বিএনপি নেতা যেকোনো সময় নিজে বা তাদের সন্ত্রাসী বাহিনীর সমন্বয়ে শেখ হাসিনার ওপর যেকোনো সময় প্রাণঘাতী হামলা চালাতে পারে।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা : বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্তের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেন। মামলা দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মামলার আর্জিতে বলা হয়, ‘বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার (শেখ হাসিনার) জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। বিএনপি নেতার এমন বক্তব্যে মামলার সাক্ষীরাসহ ফরিদপুরের অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে আতঙ্ক, অপমানবোধ জাগ্রত হয়। আসামির বক্তব্যে সমগ্র বাংলাদেশে অরাজকতা সৃষ্টিসহ বড় ধরনের নাশকতামূলক কর্মকা- ঘটতে পারে।’

শেরপুরে রাষ্ট্রদ্রোহের মামলা : বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। গতকাল দুপুরে আদালতে লিখিত অভিযোগ জানানোর পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তা আমলে নেন। মামলায় চাঁদ ছাড়াও আরও দুই-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, রাজশাহীর এক জনসভায় দুই-তিনজনের প্ররোচনায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং রাষ্ট্রদ্রোহের অপরাধ করেন। বাদীপক্ষে জেলা জজ কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এম মোছাদ্দেক ফেরদৌসী মামলাটি করলে আদালত তা আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেয়।

মামলার বাদী ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা শুরু করেছে বিএনপি। তাই তাদের দ্রুত দমানো দরকার।’

বশেমুরবিপ্রবিতে মানববন্ধন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পরিবারের আয়োজনে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বশেমুরবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সহসভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া প্রমুখ। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত