ফের প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এগোলেন এরদোয়ান

আপডেট : ২৪ মে ২০২৩, ০৫:১৮ এএম

আরেক দফায় তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পথে আরও খানিকটা এগিয়ে গেলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফার ভোটের আগে সমর্থন পেলেন প্রথম দফার ভোটে তৃতীয় হওয়া প্রার্থী সিনান ওগানের। স্থানীয় সময় গত সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পাওয়া সিনান।

বিশ্লেষকরা বলছেন, সিনানের এই ঘোষণার মধ্য দিয়ে এরদোয়ানের অবস্থান আরও শক্তিশালী হলো। ১৪ মে তুরস্কে প্রথম দফার ভোটে ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান এরদোয়ান। নির্বাচনে জিততে ৫০ শতাংশ ভোট প্রয়োজন ছিল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। তাই সিনানের সমর্থন স্পষ্টই এরদোয়ানকে এগিয়ে দিল জয়ের পথে।

বিবিসি বলছে, গত শুক্রবার এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন সিনান। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে কী নিয়ে কথা হয়েছিল, তা তখন বিবৃতি দিয়ে জানানো হয়নি। পরে সংবাদ সম্মেলন করে সিনান বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সব ধরনের আলোচনা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতির জন্য এ সিদ্ধান্ত সঠিক।’

তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, দ্বিতীয় পর্বে আমরা পিপলস অ্যালায়েন্সের রিসেপ তাইয়েপ এরদোয়ানকেই সমর্থন দেব।’ ওগানের ভাষ্য, এরদোয়ানের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাই তার দল মনে করে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত। এ কারণেই তিনি এরদোয়ানকে সমর্থন করবেন বলে স্থির করেছেন।

সিনান ওগান বলেন, ‘রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সে কারণেই আমি এরদোয়ানকে সমর্থন করছি।’

যদিও বিবিসি বলছে, এবারের নির্বাচনে অনেক ভোটার এরদোয়ানের নেওয়া বিভিন্ন নীতির বিরোধী ছিলেন। তারা মধ্যপন্থী নেতা কিলিচদারোগলুুর পক্ষেও দাঁড়াননি। এমন ভোটাররাই মূলত ১৪ মে ওগানকে ভোট দিয়েছিলেন। ওগানের আহ্বানে এই ভোটারদের সবাই হয়তো এরদোয়ানকে ভোট দেবেন না। কিছু ভোট কিলিচদারোগলুর পক্ষেও যাবে।

সিনান মূলত এটিএ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এই জোটের প্রধান দল ভিক্টোরি পার্টি। এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা সিনানের মুখ থেকে এলেও ভিক্টোরি পার্টি এখনো কিছু জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত