যমজ সন্তানের বাবা হতে চলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এমন খবর আগেই শোনা গিয়েছিল। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগেই গত ৫ মে পৃথিবীর মায়া ছেড়েছেন অভিনেতার অনাগত দুই সন্তান। মঙ্গলবার সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান ইরফান সাজ্জাদ। একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয় আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল!’ এরপর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে অনেকে সহমর্মিতা ও তার পরিবারের জন্য দোয়া জানিয়েছেন। এ বিষয়ে ইরফান সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা বলেন, আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এরমধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। গত ৫ মে দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে বড় সার্জারি করা হয়। কিন্তু চিকিৎসক আমাদের ৬ মাসের অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি। অভিনেতা আরও বলেন, আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মুহূর্তে চিকিৎসকের হাতে কোনো উপায় ছিল না আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর। এখনো আমার স্ত্রী অসুস্থ। এই পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রী নিয়ে দেশে ফিরতে পারি। অভিনেতার স্ত্রী শারমিন সাজ্জাদ একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা।
×
