‘শীর্ষ পাঁচে থাকবে সৌদি লিগ’

আপডেট : ২৫ মে ২০২৩, ০১:৩১ এএম

হারতে বসেছিল আল নাসর। গুরুত্বপূর্ণ ম্যাচে আল শাবাবের বিপক্ষে এক পর্যায়ে পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে দলটি। আর দলের জয়সূচক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মঙ্গলবার সৌদি প্রো লিগে ৩-২ গোলে জিতেছে আল নাসর। এই জয়ে শিরোপার লড়াইয়ে থাকল রোনালদোরা।

আর্জেন্টাইন ফুটবলার ক্রিশ্চিয়ান গুয়াঙ্কারের জোড়ায় ৪০ মিনিটের মধ্যে ২-০ গোলের লিড পায় আল শাবাব। প্রথমার্ধেই ব্যবধান ২-১ করে আল নাসর। ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকা করেন লিগে তার ১৮তম গোল। বিরতির পর আবদুলরহমান ঘারিবের গোলে সমতায় ফেরে আল নাসর। পরে রোনালদো দলকে ৩-২ এ এগিয়ে দেন। সেই লিড ধরে রেখে দলটি জয় নিয়ে মাঠ ছাড়ে।

আল-তাইয়ের বিপক্ষে লিগে নিজেদের ঠিক আগের ম্যাচেও গোল করেছিলেন রোনালদো। এদিনের গোল নিয়ে লিগে তার গোল সংখ্যা হলো ১৪।

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর আল নাসর। সমান ম্যাচে শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৬। দুই দলেরই ম্যাচ বাকি আছে দুটি। শিরোপা জিততে তাই আল নাসরকে শুধু নিজেদের ম্যাচ দুটি জিতলেই হবে না, কামনা করতে হবে যে আল ইতিহাদ পয়েন্ট হারায়।

এই প্রতিদ্বন্দ্বিতা ২২ কোটি ডলারের বেশি পারিশ্রমিকে আল নাসরে যোগ দেওয়া রোনালদোকে চমকে দিয়েছে। ‘সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, এই লিগ একসময় বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সে জন্য সময় লাগবে। ফুটবলারদের আসতে হবে এবং অবকাঠামো লাগবে’, মঙ্গলবারের ম্যাচ শেষে এক টিভিকে তিনি এ কথা বলেছেন।

রোনালদো যোগ করেন, ‘তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত