গার্মেন্টের আড়ালে জাল টাকার আস্তানা

আপডেট : ২৫ মে ২০২৩, ০৬:৪৬ এএম

সাভারে তৈরি পোশাক কারখানার ছত্র ছায়ায় অনেক দিন ধরে জাল টাকা ছাপার কারখানা চালাচ্ছিল এক ব্যক্তি। তার নাম মো. সাখাওয়াত হোসেন। কোরবানি ঈদে গরুর হাটকে উপলক্ষ করে তার চক্র বিপুল জাল টাকা তৈরির কাজ চালাচ্ছিল। জাল টাকা বাজারে ছড়ানোর সময় লিচু কিনতে গিয়ে কারখানাটির মালিক নিজেই ধরা পড়েন জনতার হাতে। তাকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশি জেরায় জাল টাকা তৈরির কারখানার কথা স্বীকার করেন তিনি।

পুলিশ তাকে সঙ্গে নিয়ে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম, ও কেমিক্যালসহ ৫০ লাখ ১৭ হাজার টাকার জাল নোট জব্দ করে। জাল টাকা তৈরির কাজে নিয়োজিত দুই সহযোগীকেও আটক করা হয়েছে। এ ছাড়া, সেখান থেকে বিদেশি মদ, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার বশির মার্কেটের পাশে সাউথ বেঙ্গল অ্যাপারেলস কারখানার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।

আটককৃত ব্যক্তিরা হলো, সাউথ বেঙ্গল অ্যাপারেলস কারখানার ভেতরে গড়ে তোলা জাল টাকার কারখানার মালিক বরিশাল জেলার মুলাদি থানার ডিগ্রিরচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৫০), জাল টাকা তৈরির কারিগর একই থানার বয়াতিকান্দি রাগুয়া কাজিরচর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. নাজমুল হোসেন (২৪) ও শরীয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের আল ইসলাম সরদারের ছেলে সুজন মিয়া (৩০)।

পুলিশ সুপার আসাদুজ্জামান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি ব্যাংকের চাকরিচ্যুত একজন কর্মকর্তার পরামর্শে কারখানাটির মালিক নিজেই জাল টাকা ছাপানোর কাজ করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত