কোপা ইতালিয়া

মার্তিনেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন ইন্তার

আপডেট : ২৫ মে ২০২৩, ০৯:০২ এএম

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আগে কোপা ইতালিয়ায় শিরোপা ঘরে তুলল ইন্তার মিলান। ফিওরেন্তিনার বিপক্ষে ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নেয় ইন্তার। যাদিও ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল দলটি। নিকো গঞ্জালেস এগিয়ে নিয়েছেন ফিওরেন্তিনাকে।

কিন্তু ২৯তম মিনিটে মার্তিনেজ সমতায় ফেরান ইন্তারকে। এর আট মিনিট পর দারুণ এক ভলিতে এগিয়ে দেন দলকে। যে লিড ধরে রেখে মাঠ ছাড়ে সিমোন ইনজাগির দল।

প্রতিযোগিতায় এটি টানা দ্বিতীয় ও সব মিলিয়ে নবম শিরোপা ইন্তারের। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে কেবল জুভেন্তাস, মোট ১৪ বার।

ফিওরেন্তিনা আগামী ৭ জুন ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে ইন্তার। সেই ম্যাচের আগে কোপা ইতালিয়া জয় ইন্তারকে বাড়তি প্রেরণা জুগাবে নিশ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত