গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মা জায়েদা খাতুন মেয়র পদে জিতে গেছেন বলে দাবি করেছেন সাবেক মেয়ার জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জয়দেবপুরে বঙ্গতাজ মিলনায়তনে ফলাফল পরিবেশন কেন্দ্রে তিনি সাংবাদিকদের সামনে এ দাবি করেন।
জাহাঙ্গীর বলেন, দিনে ভোট হয়েছে, দিনে রেজাল্ট নিয়ে যেতে চাই। আমি সব সেন্টারে খবর নিয়েছি; আমার মা জিতে গেছে। আমি রিটার্নিং অফিসারের অফিসে গিয়েছিলাম, কেন সে দেরি করতেছে? তাড়াতাড়ি যেন রেজাল্টটা দিয়ে দেয়। আমার রেজাল্ট যদি সঠিকভাবে এখানে না দেওয়া হয়। তাদের কাছে যে রেজাল্ট শিট আছে সেটা যদি এখানে প্রয়োগ না করা হয় তাহলে তো বুঝতেই পারছেন এখানে কী হচ্ছে।
তিনি অভিযোগ করেন, তৃতীয় পক্ষ একজন ব্যক্তি ‘রেজাল্ট ঘুরিয়ে দেওয়ার’ চেষ্টা করছে। আমি গণমাধ্যম এবং সাংবাদিকদের কাছে নিরাপেক্ষ রেজাল্টটা চাই। এবং কোনো কাউন্সিলর রেজাল্ট নিয়ে যেন কোনো ধরনের ছলছাতুরি না করে।
কেন্দ্র থেকে হাতে লেখা ভোটের ফল নেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, হাতের লেখাটা তো অ্যালাউড না। আমার কথা হলো আপনারা প্রিন্ট কপি দেবেন না? ৫৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ফল ঘোষণা করলেও মেয়রেরটা ঘোষণা করা হয়নি। এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। যেগুলা অনিয়ম দেখছি সেগুলো আপনাদের জানাব।
জাহাঙ্গীর বলেন, ইভিএম পদ্ধতি আধুনিক, এটিকে আমরা সাপোর্ট করেছি। সেই হিসাবে ইভিএমের যে প্রিন্ট কপিটি বের হয় সেটি যেন আমাদের দেওয়া হয়।
জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, আমার মা একজন নারী। নারী হচ্ছে আমার কাছে বেহেশত। সেই নারীকে যেন আমি সম্মানে রাখতে পারি। প্রত্যেকটি সন্তানকে বলছি, বাপ-ভাইকে বলছি, নারীর ভোট নিয়ে কেউ যেন ছিনিমিনি না খেলে। আমার মা এই শহরকে রক্ষা করবে বলেছে। আজকে সত্যের জয় হয়েছে, মিথ্যা ধ্বংস হয়েছে। সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
