রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল জাপান

আপডেট : ২৬ মে ২০২৩, ০৮:১০ পিএম

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক, নির্মাণ ও প্রকৌশল খাত রয়েছে । একইসঙ্গে রুশ নাগরিকদের সম্পদও জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬মে) জাপান সরকারের শীর্ষ এক কর্মকর্তা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

ইউক্রেনে যুদ্ধ চালানোয় মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক নতুন এ নিষেধাজ্ঞা দিল টোকিও।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, এদিন দেশটির মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো এক বিবৃতিতে জানান, রাশিয়ার সমরাস্ত্র বিষয়ক সংস্থার পণ্য রপ্তানিতে জাপানের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে। রাশিয়ায় নির্মাণ ও প্রকৌশল পরিষেবা দেওয়াও নিষিদ্ধ করবে জাপান। সেইসঙ্গে রাশিয়ার বিভিন্ন সংস্থা এবং নাগরিকদের সম্পদও জব্দ করা হবে।

জাপান সরকারের তথ্য মতে, নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামিরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ ১৭ ব্যক্তি এবং ৭৮টি সংস্থার সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি ৮০টি রুশ সংস্থার জন্য রপ্তানিও নিষিদ্ধ করবে। এর মধ্যে রাশিয়ার মোবাইল কোম্পানি মেগাফোনও রয়েছে।

বৃহস্পতিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রাশিয়া। এ পদক্ষেপের নিন্দা করে মাতসুনো বলেছেন, এর ফলে ‘পরিস্থিতি আরও নাজুক’ হয়ে পড়বে।

গত সপ্তাহে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হয় জি-৭ শীর্ষ সম্মেলন। সম্মেলনের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় একাধিক দেশ। জি৭-এর সঙ্গে সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে সবশেষ শুক্রবার নতুন এ নিষেধাজ্ঞা দিল টোকিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত