শ্রীপুরের সেই ক্লিনিক বন্ধ ঘোষণা

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:৩১ এএম

গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি ক্লিনিকে শিশু বিক্রি করে বকেয়া বিল আদায়ের ঘটনায় সেই ক্লিনিকে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাই আদালত। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সময় শিশু বিক্রি ও বিক্রির টাকায় ক্লিনিকের বকেয়া আদায়ের অভিযোগ নিয়ে পুলিশকে কাজ করতে বলে আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের শ্রীপুর চৌরাস্তার নিউ এশিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ওই ক্লিনিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এর আগে শুক্রবার দেশ রূপান্তরের শেষের পাতায় ‘নবজাতক বিক্রি করে সিজারের বিল আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রতিবেদনে বলা হয়, গত ২১ মে রাতে এ ক্লিনিকে ভূমিষ্ঠ হওয়া কন্যাশিশু বিক্রির টাকায় বিল পরিশোধ করে এক প্রসূতিকে শূন্যকোলে বাড়ি ফিরতে হয়েছে।

গতকাল ভ্রাম্যমাণ আদালত ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছে। ওই শিশুটি এখন কোথায়, কার কাছে আছে পুরো ঘটনা বের করতে পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মুনশি আবদুল কুদ্দুস জানান, আমরা ওই শিশুর মা প্রিয়াকে ডেকেছি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত আরও জানতে পারব।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস গতকাল রাতে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, গণমাধ্যমের সুবাদে এমন ঘটনা আমাদের নজরে আসে। পরে সিভিল সার্জনের নির্দেশে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালের ক্লিনিক ও প্যাথলজির দুটি লাইসেন্সই মেয়াদোত্তীর্ণ হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিকিৎসাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

গত ২১ মে রাতে প্রসব ব্যথা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হয় প্রসূতি প্রিয়া আক্তার। পরে রাতেই তাদের সিজারের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম হয়। শিশুর জন্মের পর তারা দেখতে পায় হাসপাতালের বিল পরিশোধ করার সামর্থ্য তাদের নাই। এ সময় হাসপাতালের পক্ষ থেকে শিশু বিক্রি (দত্তক) করে এ সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয়। পরে এক নিঃসন্তান দম্পতি ৩০ হাজার টাকা দিয়ে শিশুকে নিয়ে যায়। সে টাকা থেকে হাসপাতালের খরচ ১৬ হাজার টাকা রেখে বাকি টাকা প্রিয়া আক্তারকে বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত