রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে ককটেল বিস্ফোরণে যুবলীগ নেতা সম্রাট হোসেন (৩৫) আহত হয়েছেন। তিনি ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রাতেই বাসায় নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সম্রাট হোসেনের পিঠে ককটেলের কয়েকটি স্পিøন্টারের আঘাত লেগেছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ জানান, শুক্রবার ওই এলাকায় বিএনপির একটি কর্মসূচি হওয়া কথা ছিল। সে জন্য শহীদ ফারুক রোডে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় এমপি আলহাজ কাজী মনিরুল ইসলাম মনুর অফিসে একটি সভা করেন। মিটিং শেষে সম্রাট বের হন বাসায় যাওয়ার জন্য। কার্যালয়ের পাশেই হঠাৎ চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে রাস্তায় পড়ে যান সম্রাট। তার সঙ্গে আরও তিনজন ও এক রিকশাচালকও আহত হন বলে দাবি তার। ঘটনাটি বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছেন বলে অভিযোগ তার।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম জানান, রাতে শহীদ ফারুক সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
