নিজের গল্পে নিজেই নায়ক, সঙ্গে গায়কও

আপডেট : ২৭ মে ২০২৩, ০৫:৫১ পিএম

প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন অভিনেতা খায়রুল বাসার। ‘ভালোবাসতে শেখাও আরো’ শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খান, সুর ও সংগীত আয়োজন করেছেন সজীব খান। গানটি দেখা যাবে ‘প্রিয় লাইলী’ নাটকে।

অনুপম দাসের রচনায় ‘প্রিয় লাইলী’ নাটকটির গল্প লিখেছেন অভিনেতা নিজেই। এখানে খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। কিছুদিন আগে মানিকগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়। নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক।

image

খায়রুল বাসার বলেন, গানটিতে কন্ঠ দেওয়া অনেকটা জোর করেই। আগে টুকটাক গান গাইতাম। যেহেতু সঙ্গীতের ছাত্র ছিলাম। অনেকদিন পর গানটিতে কণ্ঠ দিলাম, চেষ্টা করলাম আরকি। কেমন হয়েছে তা দর্শক বলতে পারবে। আশা রাখছি ভালো লাগবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, নাটকটির গল্প নব্বই দশকের। যেখানে সরল একটা প্রেমের গল্প। টিউশন মাস্টার এবং শিক্ষার্থীর মধ্যে প্রেম হয়। মেয়েটার বাবা ছিল খুব প্রভাবশালী যখন তাদের প্রেমের খবর জানতে পেরে যায় বাবার হাতে তাদের চিঠি পড়ে যায়। তখন মেয়েটার বাবা একটি নিরব গেম খেলে যেটি তাদের মধ্যে কেউই জানতে পারে না। একপর্যায়ে তাদের প্রেম ভেঙ্গে যায় এবং ছেলেটি পাগল হয়ে যায়। এভাবেই চলবে নাটকের গল্পটি।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত