আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা গতকাল একসঙ্গে ছয়টি স্থিরচিত্র তার ফেসবুকে পোস্ট করেছেন। স্থিরচিত্রগুলোতে তার কন্যা উমাইজা ও স্বামী আশফাকুর রহমানও রয়েছেন। ক্যাপশনে পূর্ণিমা জুড়ে দিয়েছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ।’ বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে পূর্ণিমার ফেসবুক পোস্টে সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনয়শিল্পী, সংসদ সদস্য যেমন শুভকামনা জানিয়েছেন, তেমনি চঞ্চল চৌধুরী, পরিচালক কাজল আরেফিন, চিত্রনায়ক সাইমন সাদিকসহ পরিচালক, সহশিল্পী, সাংবাদিকরাও শুভকামনা জানিয়েছেন। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের খবরটি গত বছরের জুলাইয়ে সবার সামনে নিয়ে আসেন পূর্ণিমা। বিয়ের খবর প্রকাশ্যে আনার কয়েক মাস পর পূর্ণিমা ও আশফাকুর রহমান অস্ট্রেলিয়ায় ঘুরতে যান। বিয়ের পরপরই কাজের ব্যস্ততায় কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি তাদের। তাই তো স্বামী ও আট বছর বয়সী কন্যাসন্তানের সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় বেড়াতে যান তিনি। সেখানে গিয়ে দেখা করেন আরেক জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। সম্প্রতি ‘হোটেল রিল্যাক্স’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন পূর্ণিমা।
×
