শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনো অপশক্তি আমাদের এই অগ্রযাত্রাকে কখনোই রোধ করতে পারবে না। কবি নজরুল একশ বছর আগে যে অগ্নিবীণা রেখে গেছেন সেই শানিত রূপ পেয়েছি বঙ্গবন্ধুর চেতনায়, সংগ্রামে, ত্যাগে তা যেন আমরা সবাই আমাদের মধ্যে ধারণ করতে পারি। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে গতকাল শনিবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ শহরের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে স্মারক বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন এমপি, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহম্মেদ এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।
