দুই ছাত্রদল নেতা হত্যা

খায়রুল কবিরসহ ৭০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

আপডেট : ২৮ মে ২০২৩, ০৬:২৫ এএম

নরসিংদীতে দুই ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নরসিংদী সদর থানায় নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও তার স্ত্রী দলের কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকিরা অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অবশ্য মামলার বাদীর দাবি, তিনি কারও নাম উল্লেখ করে মামলা করেননি। 

সদর থানার ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাদেকুর রহমান সাদেকের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। মামলার বেশিরভাগ আসামি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

তিনি জানান, মামলার আসামি জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের ব্যবসায়ী কামাল হোসেন ও তার ভাতিজা রাসেলকে শুক্রবার রাতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

যদিও মামলার বাদী আলতাফ হোসেন সাংবাদিকদের বলেছেন, মামলায় আমি কারও নাম দিইনি। কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা আমার বাড়ির সামনে ঘটেনি। আমি ওসি স্যারকে বলেছি, আপনার তদন্তে যারা পড়ে তাদের নাম দেন। বিনা অপরাধে যেন কেউ মামলায় না পড়ে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদ্য বহিষ্কৃত সাদেকুর রহমান ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে মারা যায় সাদেকুর রহমান ও পরদিন শুক্রবার সকালে মৃত্যু হয় আশরাফুল ইসলামের। রাতে মামলা করেন সাদেকুরের বড় ভাই আলতাফ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত