ফ্রেঞ্চ লিগে শনিবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে লিওনেল মেসি গোল করে ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড। এমবাপ্পের অ্যাসিস্টে মেসির গোলের পর অবশ্য লিড ধরে রাখতে পারেনি প্যারিসিয়ানরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর ড্র থেকে পাওয়া এক পয়েন্টেই ১১তম লিগ শিরোপা নিশ্চিত হয় পিএসজির। ফ্রেঞ্চ লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন প্যারিসের ক্লাবটির।
ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে যৌথ মালিকানা ছিল মেসি-রোনালদোর। দুজনেরই গোল ছিল ৪৯৫টি করে। শনিবার রাতের গোলে রোনালদোর সেই রেকর্ড টপকেছেন মেসি (৪৯৬ গোল)। রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম্যাচে। মেসি তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম্যাচে। অর্থাৎ রোনালদোর চেয়ে ৪৯ ম্যাচ কম খেলেই রেকর্ড ভাঙলেন মেসি। পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২২ গোল মেসির। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে লা লিগায় ৫২০ ম্যাচে তিনি করেন ৪৭৪ গোল। যা এক ক্লাবে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও।
এটা পিএসজির হয়ে মেসির ৩২তম গোল। পিএসজির শিরোপা জয়ে আরও এক কীর্তি গড়েছেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৪৩তম শিরোপা। যা কি না কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি শিরোপা জয়। মেসির সমান ৪৩ শিরোপা আছে শুধু ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের। ১০টি লা লিগা শিরোপা জয়ী মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি লিগ শিরোপা জিতেছেন কেবল রায়ান গিগস (১৩টি)।
মঞ্চ প্রস্তুত ছিল পিএসজি ও মেসির জন্য। শিরোপা জিততে পিএসজির দরকার ছিল ১ পয়েন্ট আর গোলের রেকর্ড গড়তে মেসির একটি গোল। দুটোই হলো। তবে স্ত্রাসবুর্গের মাঠে প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৫৯ মিনিটে মেসির গোলে লিড নেয় পিএসজি। ১০ মিনিট পর কেভিন গামেইরো সমতায় ফেরান স্ত্রাসবুর্গকে।
এই জয়ের পর ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৮৫। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট সমান ম্যাচে ৮১। হাতে থাকা এক ম্যাচ দিয়ে পিএসজিকে ছুতে পারবে না লাস।
শিরোপা জয়ের পর পিএসজি কোচ গালতিয়ে বলেন, ‘বিকেলে (শনিবার) আমি বুন্দেসলিগার শেষ দিনের খেলা দেখছিলাম। সেটি দেখেই আপনি বুঝতে পারবেন, লিগ জেতা কতটা কঠিন। সেটা যে লিগই হোক না কেন। আমাদের এটা মনে করা উচিত নয় যে শিরোপা জেতাটা সহজ ব্যাপার। এমনকি সেটা যদি আমাদের পিএসজির মতো দল হলেও।’ পিএসজিকে লিগ শিরোপা জেতালেও প্যারিসের গালতিয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। অনেকে ভাবছেন চ্যাম্পিয়নস লিগ সফলতা না পাওয়ায় ছাঁটাই হতে পারেন গালতিয়ে।
পিএসজির এটি ১১তম লিগ শিরোপা। ১০টি করে লিগ শিরোপা আছে মার্শেই ও সেন্ত এতিয়েনের। পিএসজি শিরোপা উদযাপন করবে শেষ ম্যাচে ঘরের মাঠে। পার্ক দ্য প্রিন্সেসে আগামী শনিবার ক্লেরমো ফুতের বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচটি হবে পিএসজিতে মেসির শেষ ম্যাচ। কারণ মেসি পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেননি। আর মৌসুম শেষে তিনি দল ছাড়বেন তা নিশ্চিত।
