‘বিএনপি ক্ষমতায় গেলে বিষ খেয়ে আত্মহত্যা করব’

আপডেট : ২৯ মে ২০২৩, ০৫:৩৬ এএম

‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’ এমন আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, ‘এরাই ৩০ লাখ মানুষকে শহীদ করেছে, এরাই দুই লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। যদি শুনতে পারি নৌকা হেরে গেছে, খালেদা জিয়া ক্ষমতায় গেছেন। তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার বেঁচে থাকার কোনো দরকার নেই।’

শনিবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা গ্রামের মাস্টারবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় নৌকায় ভোট চেয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আপনারা যদি নৌকায় ভোট না দেন, তাহলে জাতির সঙ্গে বেইমানি হবে। ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানি হবে। দুই লাখ মা-বোনের ইজ্জতের সঙ্গে বেইমানি হবে। তাই আমার অনুরোধ, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দিন, যাতে এ দেশে রাজাকার, আলবদর আর ক্ষমতায় না আসতে পারে।’

উঠান বৈঠকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে গতকাল রবিবার মুক্তিযোদ্ধা এমপি নাজিম উদ্দিন বলেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে চাই না কোনো স্বাধীনতাবিরোধী শক্তি যেন ক্ষমতায় আসে। আমি মূলত বক্তব্যে আমার অনুভূতি প্রকাশ করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত