রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিন বিজ্ঞান (সি-ইউনিট) অনুষদভুক্ত ২৬টি বিভাগের পরীক্ষা হবে। এরপর ৩০ মে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত (এ-ইউনিট) ২৭টি বিভাগ এবং ৩১ মে ব্যবসাশিক্ষা (বি-ইউনিট) অনুষদভুক্ত ছয়টি বিভাগের ভর্তি পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর ও ওয়েবসাইট থেকে জানা যায়, এবার ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিটে সব মিলিয়ে কোটাসহ আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এই হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ জন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮১৬টি। ‘এ’ ও ‘সি’ ইউনিটে চার শিফট এবং ‘বি’ ইউনিটে তিন শিফটে পরীক্ষা হবে। শিফটগুলো হলোÑ প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে বেলা ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
