বুন্দেসলিগায় বুরসিয়া ডর্টমুন্ডকে টপকে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। পরশু ডর্টমুন্ডের অবিশ্বাস্য ব্যর্থতায় টানা ১১তম বারের মতো লিগ শিরোপা জিতে বায়ার্ন। যা ইউরোপের বড় পাঁচ লিগে টানা লিগ জয়ের রেকর্ড। তবে এটিই বিশ্ব রেকর্ড নয়। এই রেকর্ডটা এক যুগেরও বেশি সময় ধরে দখল করে আছে তাফেয়া এফসি নামের একটি ক্লাব।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ভানুয়াতুর পোর্ট ভিলা প্রিমিয়ার লিগে ১৯৯৪ থেকে ২০০৮-০৯ মৌসুম পর্যন্ত টানা ১৫ বার চ্যাম্পিয়ন হয় তাফেয়া এফসি। তাফেয়ার একচ্ছত্র আধিপত্য ভাঙে অ্যামিকেল এফসি। পরের ছয়টি লিগে চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। তাফেয়া আবার চ্যাম্পিয়ন হয় ২০১৮-১৯ মৌসুমে। এরপর আর লিগ জেতা হয়নি ক্লাবটির।
টানা লিগ জয়ের রেকর্ডে পরের দুটি নামই ইউরোপের। স্কোনতো রিগা ও লিঙ্কন রেড ইম্পস। স্কোনতো ১৯৯১ থেকে ২০০৪ সালের মধ্যে লাটভিয়ার ও লিঙ্কন ২০০৩ থেকে ২০১৬ সালের মধ্যে জিব্রাল্টারের টানা ১৪ বার লিগ চ্যাম্পিয়ন হয়। ইউরোপের দেশ লাটভিয়ার ক্লাব স্কোনতো এরপর ২০১০ সালে ফের লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে আর্থিকভাবে দেউলিয়া হওয়ায় ২০১৬ সালে বিলুপ্ত হয়ে যায়।
টানা লিগ জয়ে তাফেয়া, স্কোনতো, লিঙ্কন ও বায়ার্নের মাঝে আরও তিনটি ক্লাব। জর্ডানের আল ফয়সালি ১৯৫৯ থেকে ১৯৭৪ সালের মধ্যে হওয়া ১৩টি লিগেই চ্যাম্পিয়ন হয়। অন্য দুটি ক্লাব নরওয়ের রোজেনবোর্গ (১৯৯২-২০০৪) ও বেলারুশের বাতে বরিসভ (২০০৬-২০১৮)।
বুলগেরিয়ার লুদোগোরেৎস রাজগ্রাদেরও সম্ভাবনা আছে বায়ার্নকে পেছনে ফেলার। গত মৌসুমে টানা ১১তম লিগ জেতা লুদোগোরেৎস এবারও জিততে পারে বুলগেরিয়ার শীর্ষ লিগ। বায়ার্ন ছাড়াও টানা ১১ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বুলগেরিয়ার লুদোগোরেৎস রাজগ্রাদ। টানা লিগ জয়ের চলমান রেকর্ড এটিই। তবে বুলগেরিয়ান লিগ এখনো শেষ হয়নি। লুদোগোরেৎসের সম্ভাবনা আছে টানা ১২তম লিগ চ্যাম্পিয়ন হওয়ার।
