স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু করল ইবিএল

আপডেট : ২৯ মে ২০২৩, ১১:৪৯ পিএম

বাংলাদেশের অর্থনীতিক উন্নয়নে চীনের ব্যাপক বিনিয়োগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কারণে আগামী বছরগুলোতে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। গত রবিবার রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রধান কার্যালয়ে স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ সব মন্তব্য করেন।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনা ব্যবসায়ীক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং ব্যক্তিগত পর্যায়ের গ্রাহকরা এই ডেস্ক থেকে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ওয়ান স্টপ ব্যাংকিং সল্যুশন পাবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দীন, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিইসিসিসিআই সাধারণ সম্পাদক আল মামুন মৃধা এবং ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার। 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে চীনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা ইবিএল চীন বিজনেস ডেস্ক থেকে আরও ভালো ব্যাংকিং সেবা লাভে সমর্থ হবেন।

আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে চীনের অংশ প্রায় ১৭ শতাংশ, যা ভারত এবং যুক্তরাষ্ট্রেও চেয়েও বেশি। বাংলাদেশে তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, এবং নবায়নযোগ্য জ¦ালানি সেক্টরে বিনিয়োগ করতে চীনের আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং বলেন, “চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ইচ্ছুক। ইস্টার্ন ব্যাংক স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু একটি সময়োপযোগী পদক্ষেপ, যা চীনা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ কার্যক্রমে অধিকতর সহায়ক হবে এবং চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে অবদান রাখবে।’’   বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত