রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শহরটির মেয়র।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে আল জাজিরা ও বিবিসি নিউজ।
মঙ্গলবার এক বিবৃতিতে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, “আজ সকালে একটি ড্রোন হামলা বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি করেছে। এখনও পর্যন্ত কেউ গুরুতর আহত হয়নি। শহরের সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।“
মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামকে জানান, যে মস্কোর দিকে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে কে ড্রোনটি উৎক্ষেপণ করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
রাশিয়ার সরকারি গণমাধ্যম আরআইএ জানিয়েছে, শহরের দক্ষিণে মস্কোর প্রফসোয়ুজনায়া সড়কের একটি ভবনের কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায় যে উড়ন্ত ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করা হচ্ছে এবং একটি বড় ভবনের সামনে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে৷
রাশিয়ার গণমাধ্যমগুলোতে বলা হয়েছে যে চার থেকে দশটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এদিকে এ বিষয়ে এখন কোন মন্তব্য করেনি কিয়েভ।
