আইএমএফ-যুক্তরাষ্ট্রের শর্ত ও চাপের কাছে সরকার নতিস্বীকার করে গণবিরোধী বাজেট প্রণয়ন না করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল মঙ্গলবার মৈত্রী মিলনায়তনে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। এ সময় দুর্নীতি-বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক সমাজ গড়া এবং সুশাসনের লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করাসহ ১৪টি দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক ড. এমএম আকাশ, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান ও এএন রাশেদা।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. এমএম আকাশ বলেন, বাজেটের মূল কথা হলো আয় সংগ্রহ করা ও ব্যয় করা। যদি গরিবের কাছ থেকে সিংহভাগ আয় করে বড়লোকের জন্য সিংহভাগ ব্যয় হয়, তাহলে এটাকে আমরা ধনিকবান্ধব বলি। সেটার একটা লক্ষণ দেখা যায় কর কাঠামোর মধ্যে। পরোক্ষ কর যদি বেশি থাকে আর প্রত্যক্ষ কর যদি কম থাকে। তিনি বলেন, বাজেটের বর্তমান কাঠামোতে গরিব মানুষের কাছ থেকে কর নিয়ে ঋণখেলাপিদের ভর্তুকি দেওয়া হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রে ভর্তুকি দেওয়া হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে, এটা বন্ধ করতে হবে। দুই লাখ কোটি টাকার বেশি ঘাটতি ধরে নতুন বাজেট করা হচ্ছে।
