পাচ উইকেট নিয়ে উইন্ডিজ 'এ' দলের প্রথম ইনিংসের স্কোরকে ৪৪৫ রানে আটকে দিয়েছিলেন নাসুম আহমেদ। কিন্তু বাংলাদেশ 'এ'-এর স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিন শেষে ফলোঅন বাঁচানোর লড়াইয়ে ব্যাট হাতে নেমে পড়তে হয়েছে। ১৩৮ রানে ৭ উইকেট হারানো পর তানজিম হাসান সাকিবের সঙ্গে মিলে দ্বিতীয় দিন শেষ করেছেন লোকাল বয় নাসুম।
সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের লাঞ্চের পর প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করা বাংলাদেশ 'এ' নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ২৫ রানের মাথায় ওপেনার মাহমুদুল হাসান জয় (৯) আউট হওয়ার পর খেলতে নেমেছিলেন টেস্ট ব্যাটার মুমিনুল হক। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। রেমন রিফারের বলে স্কোয়ার লেগে ক্যাচ তুলেন দেন মাত্র ৫ রান করেই। ওপেনার জাকির হাসান রানআউটের শিকার হলে ৬৬ রানে পড়ে তৃতীয় উইকেট। এই ম্যাচের দলে ডাক পাওয়া ইয়াসির আলি রাব্বীও টিকতে পারেননি। ১২ মিনিটে ৯ রান করে বোল্ড হন স্পিনার সিনক্লেয়ারের বলে। আগের ম্যাচে দুই ফিফটি করা শাহাদাত হোসেন দীপু টিকেছেন ২১ মিনিট। ১৭তম বলে বোলার সিনক্লেয়ারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তিন অংকে দলীয় স্কোর যাওয়ার আগেই ইনিংসের অর্ধেক ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।
এই ম্যাচের অধিনায়ক সাইফ হাসান ৩২ এবং নুরুল হাসান সোহান ২৮ রান করে বিদায় নেয়ার পর ফলোঅনের শঙ্কায় পড়ে যাওয়া দলকে বাচাতে সংগ্রাহ শুরু করেন দুই বোলার সাকিব আর নাসুম। উইন্ডিজকে দ্বিতীয়বার ব্যাটিঙে পাঠাতে আরো ১৩৭ রান করতে হবে তাদের।
ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে অষ্টম ৫ উইকেট নেন নাসুম আহেমদ ছবি: বিসিবি
সকালে ৬ উইকেটে ৩২০ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং আবার শুরু করে অতিথিরা। বাকি উইকেটে আরো ১২৫ রান যোগ করে তারা। রেমন রেইফারকে আগের দিনের স্কোর ৫৬ রানের সঙ্গে আর কোনো স্কোর যোগ করতে দেননি শরিফুল ইসলাম। তবে কেভিন সিনক্লেয়ার ও আকিম জর্ডান অস্টম উইকেটে ৮৭ রান যোগ করলে চারশো পেরোয় ক্যারিবীয়দের প্রথম ইনিংস। ৬০ রান সিনক্লেয়ারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। আকিম জর্ডানকে ফিফটি করতে দেননি পার্টটাইমার জয়। ভিরাস্বামী পেরমলকে আউট করে ২৮ ম্যাচের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে অস্টম ৫ উইকেট তুলে নেন নাসুম। তার বোলিং ফিগার ছিল ৩৮.২-৮-১৩৩-৫।
২টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান ও শরিফুল ইসলাম।
