শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।
ডা. আফছারুল আমীনের ছোট ভাই ডা. মো. আরিফুল আমীন দেশ রূপান্তরকে জানান, আজ শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে তার মরদেহ চট্টগ্রাম নিয়ে আসা হবে। আসর নামাজের পর জমিয়তুল ফালাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা নগরীর দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, ২০২০ সালে ডা. আফছারুল আমীনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। পরে দেশে ফিরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক-দুঃখ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আফছারুল আমীন ভাই মৃত্যুকাল অবধি দেশ ও দশের প্রতি দায়িত্ব পালন করে গেছেন।’
ডা. আমীনের ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত ডা. আফছারুল আমীন আগে সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
চলতি মেয়াদে ডা. আফছারুল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এভাবে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও মানুষের জন্য কর্মের দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। আমরা তার আত্মার শান্তি কামনা করি।
ডা. আফছারুল আমীন ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি চট্টগ্রাম-১০ আসন থেকে পরপর তিন দফা সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নৌপরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।
চসিক মেয়রের শোক : ডা. আফছারুল আমীন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এক শোক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সুপ্রতিষ্ঠিত রাখতে মো. আফছারুল আমীন আমৃত্যু লড়ে গেছেন। মেয়র তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
