রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের সফরে গতকাল শুক্রবার সকালে আঙ্কারায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের নিয়ে ভোর সাড়ে ৪টায় আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের অবতরণ করে। এর আগে রাত ১১টার দিকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর বাসসের।
রাষ্ট্রপতির সঙ্গে সফররত তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আঙ্কারা বিমানবন্দরে পৌঁছালে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত ওইয়া তুঙ্গা চাগলি, তুরস্কের
প্রটোকল প্রধান গোনেচ আচিকোলুসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ ৩ জুন বিকেল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন তিনি। উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
তুরস্ক ভ্রমণকালীন সময়ে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে’ অবস্থান করছেন। ৬ জুন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।
