উড়ালসড়ক থেকে পড়ল খণ্ডিত পা

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৭:০৭ এএম

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সাতরাস্তা মোড়ে মগবাজার উড়ালসড়কের ওপর থেকে মানুষের খন্ডিত পা ছুড়ে ফেলা হয়েছে। পা টি ব্যান্ডেজ করা ছিল। এ ছাড়া সাদা কাপড়ে মোড়ানো ছিল।

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ খণ্ডিত পা টি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় কেউ পা টি ফেলে দিয়েছে। ঘটনার সময় আশপাশের দোকানপাট বন্ধ ছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) অনাথ মিত্র দেশ রূপান্তরকে বলেন, সাতরাস্তা মোড়ের অদূরে রয়্যাল অটো নামের একটি দোকানের কাছে উড়ালসড়কের নিচের অংশে পড়েছিল পা টি। বিচ্ছিন্ন পা টি কারও শরীরের ডান পা। হাটুর ওপর থেকে কাটা। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালে পা টি কাটা হয়েছে। আমরা পা টি সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। কীভাবে সেটি ওই স্থানে ফেলা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে খণ্ডিত পা উদ্ধার করে। ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার এস এম আরিফ রাইয়ান জানান, পা উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, পায়ে গ্যাংগ্রিন বা ওই জাতীয় কোনো সমস্যা ছিল। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ও তদন্তে বেরিয়ে আসবে। ডিএনএ নমুনা নিয়ে প্রোফাইল তৈরি করে রাখা হবে। এতে পরে কোনোভাবে ওই ব্যক্তির পরিচয় জানা গেলে বা স্বজনরা এলে প্রয়োজনে মিলিয়ে দেখা যাবে।

সহকারী কমিশনার আরও বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্ত করা হচ্ছে। বিষয়টি জানিয়ে ঢাকা ও আশপাশের এলাকার সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত