সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট : কাদের

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৬:০৫ এএম

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেট নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতে গতকাল শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবারের বাজেট প্রস্তাব করেছে সরকার। এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। সারা বিশ্বের সংঘাত ও সংকটের মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যসহ জ্বালানির মূল্যবৃদ্ধি স্বাভাবিক। চলমান বিশ্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে।’

বিএনপি শুধু সমালোচনা করে, তাদের কোনো পরামর্শ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারকে শত্রু হিসেবে বিবেচনা করে। বাজেট নিয়ে বিএনপির মুখে সমালোচনা শোভা পায় না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আজ বড় বড় কথা বলে। যাদের অর্থনীতিই ছিল লুটপাটের সেই বিএনপি এ বাজেটকে লুটপাটের বাজেট বলে কী করে? তাদের সময় কী পরিমাণ বাজেট ছিল? আজ তা কী হয়েছে? আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নয়ন হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে কী ছিল? বাংলাদেশ আজ ৩৫তম অবস্থানে আছে। বাজেটে কৃচ্ছ্রসাধন করে জিডিপির অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর রিজার্ভ কী ছিল? শেখ হাসিনার নেতৃত্বে ৪৮ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছিল কিন্তু বিশ্ব সংকটে এটার কিছুটা তারতম্য আছে। তবে সব সংকটই সমাধান হয়ে যাবে দ্রুত। বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক সংকট সমাধানে অস্থির অবস্থা। অনেক চিন্তা করে এবারের বাজেট করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ হচ্ছে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি আর উন্নয়নের অবদান অস্বীকার এগুলো কি মানা যায়?’

অনেক দেশের নেতারাই শেখ হাসিনাকে ফলো করেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সারা বিশ্ব শেখ হাসিনার প্রশংসা করলেও এ দেশের বিরোধী দলের লোকরা একটা ধন্যবাদও দিতে পারে না। এ দেশের বিরোধী দলের রাজনীতি বিশ্বে বিরল। বিরোধী দল শুধু সমালোচনা আর বিরোধিতা করে কিন্তু ভালো কোনো পরামর্শ দিতে পারে না।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কথা চিন্তা করে। আর তাই এবারের বাজেটও তৈরি করেছে দেশ ও মানুষের কল্যাণের কথা মাথায় রেখে। এবারের বাজেট সাধারণ মানুষকে কেন্দ্র করে করা হয়েছে।’

বিএনপি বলেছে, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট লুটপাটের বাজেট এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সময় আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা করা হতো। আওয়ামী লীগের সময় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ কখনো হামলা করে না। বিএনপির আমলে আওয়ামী লীগ বারবার নির্যাতিত হয়েছে। কিন্তু বর্তমানে বিএনপি অবাধভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত