তীব্র গরমের কারণে আজ সোমবার থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় একই সঙ্গে আরও এক দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৫ থেকে ৮ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
দেশজুড়ে তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলাও স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ২৯ মে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বিমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট খেলতে নেমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর মৃত্যুর পর প্রথমে সকাল ১০টার মধ্যে ও বিকেল ৪টার পরে খেলাধুলা করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়। যদিও এখন ফুটবল টুর্নামেন্টেই স্থগিত করা হয়েছে।
ওই ঘটনার পর থেকেই সারা দেশে প্রাথমিক শিক্ষক ও অভিভাবকরা তীব্র গরমে স্কুল বন্ধ করার দাবি তোলেন। এর মধ্যে গত শনিবার রাজশাহীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সব মিলিয়ে চার দিনের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
