ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘দুঃশাসন ও দুর্বৃত্তায়নের’ কারণে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র নানাভাবে বাংলাদেশকে চাপে রাখছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুধু ক্ষমতার জন্য তারা (সরকার) বাংলাদেশের মানুষের যে আকাক্সক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ সবকিছু চুরমার করে দিয়েছে। যার ফল মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি দেয়, নিষেধাজ্ঞা দেয়। এটা আমাদের জন্য লজ্জার কথা। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপরে আরেকটা দেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগের অবৈধ সরকারের দুঃশাসনের, দুর্বৃত্তায়নের, লুটের কারণে গণতন্ত্রে ফিরে আসার আর কোনো পথ আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব দেখতে পারছে না।’ গতকাল সোমবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে গুলশানের হোটেল লেক শোরে ‘বাংলাদেশে বহুদলীয় প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান।
মির্জা ফখরুল বলেন, ‘এখন একটাই পথ আবার জনগণকে জাগিয়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামানো। তারেক রহমান বিদেশ থেকে ১০ দফা, ২৭ দফা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য। এই দাবিগুলোকে সঙ্গে নিয়ে, জনগণ, রাজনৈতিক শক্তিগুলোকে সংগঠিত করে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শাহাদাতবার্ষিকীতে এই হোক শপথ।’
বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে জিয়াউর রহমানের দর্শন তুলে ধরেন তিনি।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সেমিনার কমিটির আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ বক্তব্য দেন।
এদিকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জিয়াউর রহমান বীর উত্তম সমার্থক’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আজকে ঘোষণা এসেছে, পায়রাবন্দর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে যাবে। আপনাকে (প্রধানমন্ত্রী) এখন একমাত্র রক্ষা করতে পারেন খালেদা জিয়া। এটি আপনাকে মানতে হবে।’ সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, জয়নুল আবদীন ফারুক প্রমুখ অংশ নেন।
