বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি কুচকাওয়াজ চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৪৬ জন বাংলাদেশি (১২৩ পুরুষ ও ২৩ নারী) এবং ২ জন বিদেশিসহ (১ জন দক্ষিণ সুদান এবং ১ জন তানজানিয়া) সর্বমোট ১৪৮ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বিদেশি নবীন অফিসাররা স্বদেশে প্রত্যাবর্তনের পর নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।
সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস অফিসার ক্যাডেট বিবেচিত হন ও অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং কোম্পানি সার্জেন্ট মেজর মোহাম্মদ তানভীর রহমান তপু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান’ স্বর্ণপদক অর্জন করেন। অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো (তানজানিয়া) শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে ‘বাংলাদেশ-ভারত সম্প্রীতি’ ট্রফি অর্জন করেন।
