বাদীকে ২ ঘণ্টা কাঠগড়ায় আটক রাখার অভিযোগ

আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:৫৮ এএম

ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন জেমসের (৩২) বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ইডেন কলেজের ছাত্রীকে ধর্ষণ মামলার বাদীকে দুই ঘণ্টা কাঠগড়ায় আটক রাখার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, লালবাগ থানার এ মামলায় গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। জামিনে থাকা আসামি হাজিরা দেন।

শুনানিকালে বাদী পক্ষের আইনজীবী প্রতাপ বাড়ৈ আদালতকে বলেন, আসামি জেমসের জামিন গত ২২ মে হাইকোর্ট বাতিল করেছে। তাই আসামির জামিনে থাকার আর অধিকার নেই। তবে, আসামি পক্ষের আইনজীবী মঞ্জুরুল আলম হাইকোর্টের আদেশ সম্পর্কে কিছু জানেন না বলে বিচারককে জানান। শুনানি শেষে বিচারক হাইকোর্টের আদেশ দেখে আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

প্রায় দুই ঘণ্টা কাঠগড়ায় থাকাবস্থায় বিচারক আসামির আইনজীবীসহ আসামিকে কাঠগড়া থেকে খাসকামরায় ডেকে নেন। তা দেখে বাদী ও তার আইনজীবীও খাসকামরার দিকে যান। সেখানে বিচারক আদেশ ভুল হয়েছে উল্লেখ করে আসামিকে চলে যেতে দেন। তবে, বাদী এ বিষয়ে আপত্তি জানালে আদালতকে অসম্মান করার অভিযোগে তাকে কাঠগড়ায় আটক রাখার আদেশ দেন বিচারক। প্রায় দুই ঘণ্টা কাঠগড়ায় থাকার পর বিচারক দুপুর দেড়টায় এজলাসে ওঠে বলেন, বাদী নেতিবাচক আচরণ করেছেন এবং এটি আদালত অবমাননার শামিল কি না এমন প্রশ্ন করেন বিচারক। একপর্যায়ে বাদী পক্ষের আইনজীবী ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করলে বিচারক তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত