সিলেটের নাজির বাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৭ জুন) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সিজিল মিয়া (৫৫), একলিম মিয়া (৫৫), হারিছ মিয়া (৬৫), সৌরভ মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।
তিনি জানান, পিকআপটি ২০ থেকে ২২ জনকে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
জানা যায়, সিলেট নগরের আম্বরখানা থেকে অন্তত ৩০ জন শ্রমিক ঢালাইকাজের জন্য পিকআপ ভ্যানে করে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে আজ ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারে দুর্ঘটনায় পড়ে ১৪ জন নিহত এবং ১০ জন আহত হন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। মহাসড়কটিতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তিন ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুলিশি তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়।
