অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ধারা ৯, ১৩ ও ১৪ এর বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজকের রায়ের ফলে অর্পিত সম্পত্তির তদারকি ও লিজ দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকদের (ডিসি) হাতেই রইলো।
আজ বৃহস্পতিবার (৮ জুন) এসংক্রান্ত দুটি রিটের রুল খারিজ করে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ। জেলা প্রশাসনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্টের রায়ের ফলে আইনের যে বিধান ছিলো সেগুলোই বহাল রইলো। এখন এ সংক্রান্ত সকল মামলা নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে। এবং অনিষ্পন্ন থাকাবস্থায় অর্পিত সম্পত্তি তত্ত্বাবধান ও ইজারার ক্ষমতা জেলা প্রশাসনের হাতে থাকবে।
অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত কতিপয় সম্পত্তি বাংলাদেশি মূল মালিক বা তার বাংলাদেশি উত্তরাধিকারী বা এদের বাংলাদেশি স্বার্থাধিকারীর নিকট প্রত্যর্পণ সম্পর্কে বিধান প্রণয়ন করে 'অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন- ২০০১' পাস করা হয়। এই আইনের ধারা ৯, ১৩ ও ১৪ এর বৈধতা চ্যালেঞ্জ করে খুলনার শ্যামল কুমার সিংহ এবং চট্টগ্রামের মো. মশিউর রহমান ২০১২ সালে দুটি রিট করেন।
